প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জের পল্লীতে প্রতি রাতে ঘ্যানা বাহিনীর অস্ত্রের মহড়া: আতংকে এলাকাবাসী
উচ্চকন্ঠ 24-May-2025 46
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী যুবলীগ ক্যাডার বাবলুর রহমান ওরফে ঘ্যানা তার বিরুদ্ধে উচ্চকন্ঠ নিউজে ঘটনা বহুল সংবাদ প্রকাশের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতেই সে তার বাহিনী নিয়ে নিজ গ্রাম গোপালপুরে অস্ত্রের মহড়া অব্যাহত রেখেছে। প্রায় প্রতি রাতেই মুহুর্মূহু বোমার বিকট শব্দে কেঁপে উঠছে গ্রাম। শত শত নারী ও শিশু ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। অথচ জীবনের ভয়ে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করতেও সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন সন্ত্রাসী ঘ্যানা আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল মান্নান ও পরবর্তীতে আনোয়ারুল আজীম আনারের সশস্ত্র ক্যাডার হিসেবে এলাকায় তান্ডব চালালেও বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এক নেতার আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী আমলের ন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী ঘ্যানা ঐ নেতার তদবিরে সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে আবারো প্রতিপক্ষ নিশ্চিহ্ন করার মিশন নিয়ে মাঠে নেমেছে। সে তার পূর্বের সন্ত্রাসী বাহিনী পূনঃগঠন করে এলাকায় তান্ডব চালিয়ে গেলেও প্রশাসন নিরব নিশ্চুপ। বর্তমানে ঘ্যানা বাহিনীর ভয়ে ঐ গ্রামের ১০/১৫ পরিবার পুরুষ শুন্য। মহিলারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। কখন ঘ্যানা বাহিনী তাদের ওপর ঝাপিয়ে পড়ে এবং ঘরবাড়ী ভাংচুরসহ ধান-পাট লুট করে নিয়ে যায়। গত ২৩ মে রাতে ঘ্যানা বাহিনী গোপালপুর গ্রামে অস্ত্রের মহড়া চালিয়ে গোলাম মোস্তফা (৬৫), তার স্ত্রী চায়না বেগম (৪০) ও নাসিম (২৪) কে বেধড়ক পিটিয়ে আহত করেছে। এর মধ্যে গুরুতর আহত নাসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য এ ঘটনার কয়েক দিন পূর্বে ঘ্যানা বাহিনী গ্রামের ১০/১২ টি বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট, মারপিট সহ তান্ডব চালায়।
এলাকাবাসী ঘ্যানা বাহিনীর অত্যাচার, নির্যাতন, লুটপাটের হাত থেকে তাদের রক্ষার জন্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
office@ukantho.com