অপরাধ
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
উচ্চকন্ঠ 21-Apr-2025 55
এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে রানা বরগুনার পাথরঘাট এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে সুরভী আক্তারকে বিয়ে করে রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় তার স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়া বাসায় পারিবারিক নিয়ে বাগবিতন্ডার জের ধরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। সেই সঙ্গে তার স্ত্রী সুরভী আক্তার পরিবারের সদস্যদের আত্মহত্যার কথা জানিয়ে আসার কথা বলে পালিয়ে যান। তিনি আরও বলেন, পরে সুরভী আক্তারের পরিবারের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সুরভী আক্তারের বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
office@ukantho.com