প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ
উচ্চকন্ঠ 11-Aug-2026 29
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের পেঁয়াজের চাহিদা মেটানো ও আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চফলনশীল এন-৫৩ জাতের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণের মাধ্যমে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পেঁয়াজের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশের পেঁয়াজের চাহিদা পূরণে সহায়ক হবে এবং আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
office@ukantho.com