অপরাধ
মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
উচ্চকন্ঠ 08-Jun-2026 34
এফএনএস: চট্টগ্রামে মাদকাসক্ত হয়ে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া এক তরুণের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. শহীদুল্লাহ (১৯)। বাঁশখালী প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল শহীদুল্লাহ। মাদকের অর্থ জোগাড় করতে বিভিন্ন সময় চুরি করতো এবং পরিবারের সদস্যদের মারধর করতো। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তার মা শীলকূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে একই অভিযানে আরও দুই ব্যক্তিকে মাদক সেবনের দায়ে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন- উপজেলার পালেগ্রাম এলাকার কাভার্ড ভ্যানচালক মো. মাঈনুদ্দীন (২৯) এবং হট্টইতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২)। মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকাসক্ত ছেলে শহীদুল্লাহ’র বিরুদ্ধে তার মা নিজেই প্রশাসনের কাছে অভিযোগ করেন। মোবাইল কোর্ট চলাকালে তিনি জানান, মাদকের টাকা জোগাড় করতে ছেলে নিয়মিত মোবাইল চুরি করত এবং তার বিরুদ্ধে ২০টির বেশি চুরির অভিযোগ রয়েছে। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মা নিজেই ছেলের শাস্তি দাবি করেন। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক রাতের অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
office@ukantho.com