প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে পরীক্ষামূলকভাবে ১৫৯৮ চাষীর হাতে কৃষক কার্ড, অনিয়মের সুযোগ নাই: আইনমন্ত্রী
উচ্চকন্ঠ 14-Apr-2026 47
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার নিরপেক্ষভাবে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের হাতে এই কার্ড তুলে দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কৃষক কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব নেই। প্রকৃত কৃষকরাই এখানে অগ্রাধিকার পাচ্ছেন।”
তিনি আরও বলেন, কৃষক কার্ড চালুর ফলে কৃষকদের জন্য সরকারি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়াল মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে শৈলকুপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে কৃষক কার্ড কার্যক্রমকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ করা হয়।
শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
office@ukantho.com