প্রিয় ঝিনাইদহ
আমি আপনাদের নেতা নই, সন্তান: কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল
উচ্চকন্ঠ 10-Mar-2026 60
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, “বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না আমি অনেক বড় কিছু। আমি আপনাদের সন্তান। যখন খুশি ডাকবেন, আমি আপনাদের পাশে থাকব।”
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত না হলেও এই এলাকার উন্নয়ন থেমে থাকবে না। বিএনপির শাসনামলে যেমন উন্নয়ন হয়েছে, তেমনি ভবিষ্যতেও উন্নয়ন অব্যাহত থাকবে। প্রয়াত সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ ইনশাল্লাহ সম্পন্ন করা হবে।
শিমুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শে দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশ গড়ার কাজে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম মাওলানা নরুন নবী আশিকী।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com