জাতীয়
দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপিকে নির্বাচিত করুন: তারেক রহমান
উচ্চকন্ঠ 09-Feb-2026 49
এফএনএস: বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিজ্ঞতার আলোকে দেশকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপিকে নির্বাচিত করুন। সোমবার রাজধানীর কলাবাগান মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। আসুন আমরা ১২ তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি, এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালনা অভিজ্ঞতা আছে। তারেক রহমান বলেন, এমন দলকে আমরা নির্বাচিত করি যাদের কাছে দেশ ও দেশের মানুষের নিয়ে কর্মসূচি আছে, পরিকল্পনা আছে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো দলের কাছে সেই কর্মপরিকল্পনা বা অভিজ্ঞতা নেই। তিনি বলেন, এই মুহূর্তে বিএনপির সামনে পরিকল্পনা আছে, যাদের কাছে দেশ ও জনগণের জন্য কর্মসূচি আছে। সবচাইতে বড় ব্যাপার- বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় দেশ পরিচালনা করেছিলেন, উনি দুর্ভিক্ষ কবলিত একটি দেশে খাদ্য বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন। শুধু তাই নয়, সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন। বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্পকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সব পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি ইমার্জিং টাইগার। তারেক রহমান বলেন, শুধু তাই নয়, খালেদা জিয়ার সময় দেখেছি কীভাবে তিনি নারীদের শিক্ষাব্যবস্থা ফ্রি করেছিলেন, মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো থেকে প্রমাণিত হয়, এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে, বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। তিনি বলেন, ১২ তারিখে নির্বাচন, এই নির্বাচন সেই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে। যেই নির্বাচন বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ দেশ ও জনগণকে নিয়ে দলের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সমাবেশ মঞ্চে তারেক রহমান ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট চান। এদিকে, সোমবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৬ বছরের রক্ত, ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় এসেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পথে হাঁটতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারেক রহমান বলেন, গত ১৬ বছরে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ ভোটাধিকার ফিরে পেয়েছি। সেই অধিকার প্রয়োগ করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই। নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ঢাকা-১৭ এলাকার সঙ্গে আমি ও আমার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও প্রত্যাশা আমি কাছ থেকে দেখেছি বলেই এখানে উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে হাজির হয়েছি। বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে প্রতিটি মা ও গৃহিণীর জন্য ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। তরুণ সমাজের প্রসঙ্গে তারেক রহমান বলেন, শিক্ষিত কিন্তু বেকার তরুণদের দক্ষ করে গড়ে তুলতে দেশব্যাপী কারিগরি, আইটি ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের পৈতৃক জমি বিক্রি করতে না হয়। স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে শহর ও গ্রাম মিলিয়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুরা ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ- ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষ মূল্যায়িত হবে। ঢাকা-১৭ এলাকার সমস্যা তুলে ধরে তিনি যানজট, জলাবদ্ধতা ও দূষণ নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সঠিক নেতৃত্ব থাকলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, ইতিহাস তার সাক্ষ্য দেয়। বিএনপির সেই অভিজ্ঞতা ও পরিকল্পনাই আজ দেশের সবচেয়ে বড় শক্তি। শেষে তারেক রহমান ঢাকা-১৭সহ সারা দেশের ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্বও আমাদেরই। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
office@ukantho.com