প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে মদ্যপানে ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্রীর মৃত্যু
উচ্চকন্ঠ 06-Oct-2025 68
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্রী ঝিনাইদহে মামাবাড়ি বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে মৃত্যুবরণ করেছে। এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ গোটা দেশ। অতিরিক্ত মদ্যপানে অকাল মৃত্যু হলো ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এর এক অত্যন্ত মেধাবী ছাত্রীর। নিহতের নাম নন্দিনি সরকার তুলি (২৫)।
তিনি মানিকগঞ্জ সদরের অনিল সরকারের মেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এই করুণ পরিণতিতে শুধু পরিবারই নয়, হতবাক শিক্ষাঙ্গনও।
জানা যায়, প্রতি বছরের মতো এবারও পূজার ছুটিতে শৈলকুপার ভান্ডারীপাড়া এলাকায় তার মামা বিজয় সরকারের বাড়িতে বেড়াতে এসেছিলেন তুলি। উৎসবের আমেজে থাকার কথা থাকলেও, পরিস্থিতি নেয় এক ভয়াবহ মোড়। মামাবাড়িতে উৎসবের বদলে বিষাদ: যে রাতে সব শেষ!
নিহতের কাকা গণেশ চন্দ্র সরকার জানান, পূজার দিন রাতে অতিরিক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তুলি। দ্রুত তাকে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে রেফার্ড করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের সকল চেষ্টা ব্যর্থ করে রোববার রাত সাড়ে ৩টার সময় মেডিকেল শিক্ষার্থী নন্দিনি সরকার তুলি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মদ কেড়ে নিল স্বপ্নের জীবন! ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, যিনি দেশের সেরা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, তাঁর এমন আকস্মিক মৃত্যুতে অনেকেই প্রশ্ন তুলছেন— মেধাবী এই ছাত্রীর জীবনে এমন অন্ধকার নেমে এলো কেন? কারা ছিল তার সাথে? পূজার মতো পারিবারিক অনুষ্ঠানে কীভাবে তিনি অতিরিক্ত মদ্যপান করলেন? কোথায় পেলেন তিনি মদ?
এই ঘটনায় তুলির পরিবার গভীর শোক ও স্তম্ভিত অবস্থায় রয়েছে। একটি উজ্জ্বল ভবিষ্যতের সমাপ্তি ঘটল এক নিমিষেই। ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং সামাজিক মাধ্যমে ইতোমধ্যে এটি ভাইরাল হয়ে উঠেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
নেটিজেনদের প্রশ্ন—তরুণ প্রজন্ম কি তাহলে ভুল পথে যাচ্ছে? এমন একটি মেধাবী প্রাণ এভাবে ঝরে গেল, এর দায় কার?
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে যেহেতু মামাবাড়িতে এসে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে। এঘটনায় আমাদের পক্ষ থেকে একটি মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে।
office@ukantho.com