জাতীয়
বিমান দূর্ঘটনা: হাসপাতালে ফখরুল, ঘটনা খতিয়ে দেখা হবে-আসিফ নজরুল, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী-প্রেস উইং
উচ্চকন্ঠ 22-Jul-2025 56
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
এফএনএস: উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভা থেকে সরাসরি বার্ন ইউনিটে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মহাসচিব সেখানে গিয়েছেন। এফ-৭ বিজিআই মডেলের বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হলের ক্যানটিন ভবনের ছাদে গিয়ে পড়ে বিমানটি। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আইএসপিআরকে পাঠানো এক তথ্যে জানা যায়, সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এ কথা জানান। এ ঘটনায় আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার (আজ) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে- সাংবাদিকদের বলেন অধ্যাপক নজরুল।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অধিকাংশই শিক্ষার্থী: প্রেস উইং
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে। প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ৮৩ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।
আহতদের দেখতে বার্ন ইউনিটে গেলেন ৬ উপদেষ্টা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে ছুটে গেছেন ছয়জন উপদেষ্টা। তাদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মাহফুজ আলম, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমাদের সব হাসপাতালে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশি চিকিৎসক বা বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, সিএমএইচে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়েছে। এছাড়া কুর্মিটোলায় ২ জন, বার্ন ইনস্টিটিউটে ১ জন মারা গেছেন। তিনি আার বলেন, এছাড়া ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। মোট ১০০ থেকে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপন করতে সময় লাগবে।
office@ukantho.com