প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন
উচ্চকন্ঠ 16-Jun-2025 54
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলে ফয়সাল হোসেন’র কোদালের আঘাতে শাহাদত হোসেন নামের এক কৃষক পিতা নিহত হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫) তার ছেলে ফয়সাল হোসেন (২৫) কে সাথে নিয়ে গ্রামের মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হওয়ার খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে।
office@ukantho.com