শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   12-May-2025   64

Photo

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশে বিএনপিকে হেয় করছে। এমনকি অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘোষিত (ডিএমপি) নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, নাসির উদ্দিন পিন্টুকে আজ যেভাবে স্মরণ করা হচ্ছে, তাতে আমি অত্যন্ত গর্বিত। এই নাসির উদ্দিনদের মতো হাজারো নেতা-কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের এই বিএনপি। এসময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশে বিএনপিকে হেয় করছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রæ। কারণ আওয়ামী লীগকে বিএনপি কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না। ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। তাছাড়া, প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী-জামায়াতপন্থিদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলছে দেশে। এদিকে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অথচ সরকার নাকি কিছু জানে না। তারা কী জানে? সেন্টমার্টিন, সাজেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না- দলটির কাছে এমন প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই। একেকটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে। আমরা কেন সেন্টমার্টিন যেতে পারব না? আমি এনসিপির ভাইদের বলতে চাই আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন? দেশ ভালো অবস্থানে নেই। আবার আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডোর দেওয়া হবে। কেন কার স্বার্থের জন্য করিডোর? জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই। মির্জা আব্বাস আরও বলেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে। সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার। সরকার কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এটি দেশপ্রেমিক সরকার নয়। এসময় মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নীরবতা তুলে ধরে বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছে না। জামায়াত, চরমোনাই কেউ কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মতো দেশ লুটেপুটে খাওয়া যাবে। নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে এই আয়োজনে আরও উপস্থিতি ছিলেন ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও খাবার বিতরন

মনজুরুল আহসান লিতু , নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি...

Photo

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা

এফএনএস: দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক...

Photo

শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসার...

Photo

পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরে সন্তুষ্টি প্রকাশ

এফএনএস: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত